জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় আয়োজিত এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জামাতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর বিচারপতি, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর খুতবা প্রদান করা হয়।
ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানকে সম্পূর্ণ প্রস্তুত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, আলাদা প্রবেশপথ ও অযুখানার সুবিধা রাখা হয়। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থাও ছিল।
সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার ছিলেন নারী। মুসল্লিদের জন্য পর্যাপ্ত অযুখানা ও মেডিকেল টিমের ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট